THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাতের অন্ধকারে ঘরের বেরা কেটে গরু নিয়ে গেলো চোরে

November 27, 2022 Reading...
মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের পশ্চিম ঝাকুয়া পাড়ায় রাতের অন্ধকারে এক বাড়ি থেকে দুটি গরু চুরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । স্বর্গীয় হিমাদ্রি রায় প্রামাণিকের ছেলে তপন রায় প্রামানিকের বাড়ি থেকে দুটি গরু চুরি হয় গতরাতে। যার মধ্যে একটি দুধ দেওয়া গাভী ও অন্যটি নয় মাসের গর্ভবতী। দরিদ্র পরিবারের দুটি গরু চুরি হওয়াতে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন পরিবারের লোকজন।

বাড়ির মালিক তপনবাবু বলেন, সকাল বেলায় গরু বাইরে বার করার জন্য গোয়াল ঘরে প্রবেশ করে দেখি পেছনদিকের বেড়া কাটা রয়েছে এবং গোয়ালের মধ্যে বাছুর দুটি রয়েছে কিন্তু বড় গরু দুটি নেই। তিনি আরো বলেন, আমাদের মত গরিব মানুষের গরু চুরি হয়ে গেলে কি করে সংসার চালাবো। চুরি যাওয়া দুটি গরুর মধ্যে একটি গরু নয় মাসের গর্ভবতী অন্যটি দুধ দিচ্ছিল। বাছুরটিকে রেখে সেটিকেও নিয়ে গেছে দুষ্কৃতীরা। এখন কি করব ভেবেই পাচ্ছিনা। তপন বাবুর দাদা কল্যাণ রায় প্রামানিক বলেন, আমরা সাধারণ ঘরের মানুষ, গরু চুরি হয়ে গেলে কি করে বাঁচবো। তাই প্রশাসনের কাছে দাবি করছি অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। তিনি আরো বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে এ ধরনের চুরি আরো হবে।