Belakoba
একাধিক দাবিতে কর্মবিরতি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কর্মীদের!
January 02, 2023
Reading...
হয়নি এখনও দুই মাসের বেতন! অভাব অনটন সংসারে! বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করলেন রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কর্মীরা।সোমবার বেলাকোবায় বেসরকারি সংস্থার মাধ্যমে যুক্ত ১৪ জন কর্মী কলেজের সামনে বিক্ষোভ দেখান।দুমাস থেকে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ।দাবি পূরণ না হলে তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মীরা। জানা গিয়েছে, রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে এক বেসরকারি সংস্থার অধীনে ১০ জন নিরাপত্তাকর্মী, ৩ জন সাফাই কর্মী ও একজন ইলেকট্রিশিয়ান কাজ করেন।
তাদের অভিযোগ, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন তারা পাননি।কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।এছাড়া পিএফ, গ্রাচুইটি ও কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেতনের দাবি তোলেন তারা। যদিও ওই সংস্থার এক সুপারভাইজার বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে অর্থ না পাওয়ায় দুমাস বেতন দেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই কর্মীদের এক বেসরকারি সংস্থার তরফে নিযুক্ত করা হয়েছে।কর্মীদের দাবি কলেজ কর্তৃপক্ষকে তারা জানিয়েছে।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।