Belakoba
হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু! পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা বনদপ্তরের
February 24, 2023
Reading...
রাজগঞ্জের (Rajganj) তিস্তার চরের মাধ্যমিক পরীক্ষার্থীদের (Secondary students) গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেল বনদপ্তর (Forest Department)। শুক্রবার বনদপ্তরের গাড়িতে ৩৯ জন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের গজলডোবা এলাকার তিস্তার চরটি বৈকন্ঠপুর জঙ্গল ঘেঁষা। বৃহস্পতিবার এক মাধ্যমিক পরীক্ষার্থী বাবার সঙ্গে বাইকে করে জঙ্গলের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় হাতির আক্রমণে মারা যায়। সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে ছিলেন। মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।
জানা গিয়েছে, রাজগঞ্জের বৈকন্ঠপুর (Baikanthapur of Rajganj) বন সংলগ্ন তিস্তার চরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এদিন সময়মতো বাস না আসায় বনদপ্তরের গাড়িতে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। এদিন তিনটি গাড়িতে ৩৯ জন পড়ুয়াকে বেলাকোবায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। তবে পরবর্তী কয়েকদিন বাসে করেই পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়া বনদপ্তরের তরফে নজরদারিও বাড়ানো হয়েছে। মাইকে সচেতনতামূলক প্রচারও চালানো হচ্ছে।