Election 2023
প্রথম দিনে মনোনয়নপত্র জমা দেওয়ায় এগিয়ে বিজেপি
June 09, 2023
Reading...
আজ তথা শুক্রবার উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়নপত্র তোলা এবং জমা দেয় বিভিন্ন রাজনৈতিক দল। তবে প্রথম দিন বিরোধী দল, বিশেষ করে বিজেপিকেই বেশি মনোনয়নপত্র জমা দিতে দেখা গিয়েছে এদিন। রাজগঞ্জ বিডিও অফিসে আজ পঞ্চায়েত প্রার্থী হিসেবে ১১ টি মনোনয়নপত্র জমা দিয়েছে বিজেপি। পাশাপাশি বিজেপির দাবি, সঠিক সময়ে মনোনয়নপত্র পেলে আরও বেশি জমা দেওয়া যেত।
রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ ই জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। রাজ্যে এক দফায় ভোট হবে। গতকাল থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। আজ থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। ভোট গণনার সম্ভাব্য তারিখ ধার্য করা হয়েছে ১১ জুলাই।
বিজেপি নেতা দেবাশীষ দে (Debashis Dey) বলেন, আজ আমাদের ৫০ টি মনোনয়নপত্র জমা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু মনোনয়নপত্র পেতে দেরি হয়ে যায়। তাই ১১ টি জমা দেওয়ার সম্ভব হয়েছে। আগামীকালও মনোনয়নপত্র জমা দেওয়া হবে। প্রথম দিন যেভাবে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়া গেল, তা যেন আগামী দিনেও বজায় থাকে সেটাই প্রশাসনের কাছে তিনি দাবী রাখেন। একই দাবি তোলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য সরকার ভোট ঘোষণা করেছে অথচ কোনও প্রস্তুতি নেই। সবকিছুই অগোছালো। ভোট নিয়ে ছেলে খেলা চলছে। সর্বদলীয় বৈঠকও করা হয়নি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না বলে তার দাবি। তবে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আটোসাটা। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
