THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত দেহ উদ্ধার!

October 15, 2023 Reading...
খবর বঙ্গ: গতকাল শনিবার মহালয়ার সকালে এক উঠতি ফুটবলারের এই রহস্য মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রাজগঞ্জের মালিভিটায়। জানা গিয়েছে মৃতের নাম বাপি রায় (২৫)। সাহুডাঙ্গিতে যুবকের হবু শ্বশুরবাড়ি থেকে বাপির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সাহুডাঙ্গির এক যুবতীর সঙ্গে বাপির পরিচয় ছিল। প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিয়ে ঠিক হয়েছিল। এমনকি রেজিস্ট্রিও হয়েছিল। রেজিস্ট্রি হওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। অন্য কারও সঙ্গে ওই মেয়ের যোগাযোগ রয়েছে এমন সন্দেহে মনকষাকষি শুরু হয়।

শুক্রবার এই নিয়ে কথা বলতে সাহুডাঙ্গিতে হবু শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন যুবক। পরিবারের দাবি, শুক্রবার রাত দশটা নাগাদ বাপি ফোন করে তাঁদের জানায়, মেয়েটির সঙ্গে কথা হয়েছে; তাকে আর বিয়ে করা সম্ভব না। পরদিন সকাল হতে না হতেই মেয়ের বাড়ি থেকে খবর দেওয়া হয়, বাপির মৃত্যু হয়েছে। ফাঁস লাগিয়ে মৃত্যু বলা হলেও বাপির পরিবারের অভিযোগ, ছেলেকে খুন করা হয়েছে।

এদিকে, পোস্টমরটেম করিয়ে দেহ মালিভিটায় বাড়িতে আনা হলে আঘাতের চিহ্ন দেখতে পান বাপির পরিবার। ঘটনাচক্রে, বিকেলে মালিভিটার নিজ বাড়িতে দেহ আনার সময় সেখানে হাজির হন মেয়ের বাড়ির লোকেরাও। তখনই তাঁদের ঘিরে ধরেন বাপির পরিবার এবং প্রতিবেশীরা। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ঘটনায় হাজির হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। শেষ খবরে এখনও পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে মেয়ের পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত অলেন রায় জানান, বাপি ভালো ছেলে ছিল। ছোট থেকেই ফুটবল খেলার সঙ্গে যুক্ত। আচমকা এমন ঘটনায় পাড়ার সকলেই অবাক। এখনও থানায় কোনও অভিযোগ করেনি পরিবার। শোকের আবহে পরিবারের পাশে রয়েছি।