THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

৩০ লক্ষ টাকা ব‍্যায়ে, পুজোর আগে রাজগঞ্জে সেতুর উদ্বোধন!

October 14, 2023 Reading...
রাজগঞ্জ : পুজোর আগে নতুন সেতু পেল রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হুদুগঞ্জ এলাকার গ্রামবাসিরা। শনিবার নারকেল ফাটিয়ে নব নির্মিত সেতুর উদ্বোধন করেন মন্ত্রী বুলু চিক বরাই। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, সহ জেলা পরিষদের তিন সদস্য, ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকেরা। পুজোর আগে সেতু পাওয়ায় খুশী গ্রামবাসিরা।

গত মাস তিনেক আগে ভরা বর্ষায় সেই জায়গায় একটি বেহাল কালভার্ট জলের স্রোতে ভেসে গিয়েছিল। যার ফলে ওই এলাকার দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বাজার - ঘাট থেকে শুরু করে পড়ুয়াদের স্কুল যাওয়া পর্যন্ত বন্ধের উপক্রম সৃষ্টি হয়েছিল। সমস্যার মুখে পরতে হয়েছে গ্রামের হাজারো বাসিন্দা থেকে শুরু করে সীমান্ত এলাকায় টহলদারি বিএসএফ জাওয়ানদের। এরপরই সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। খবর পৌছে যায় মুখ‍্যমন্ত্রীর কানেও। অবশেষে তিন মাসের মধ্যে নতুন সেতু তৈরি করে দেয় সেচ দপ্তর। শনিবার সেই নব নির্মিত সেতুরই উদ্বোধন হল। মন্ত্রী, বিধায়কদের পাশাপাশি জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনের আধিকারিকরা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান, রাজ‍্য সরকারের আর্থিক সহায়তায় ৩০ লক্ষ টাকা ব‍্যায়ে সেচ দপ্তরের উদ‍্যোগে ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে এই সেতু নির্মিত করা হয়েছে। যার ফলে গ্রামের অনেক মানুষ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন। অন‍্যদিকে পুজোর আগে গ্রামে সেতু পাওয়ায় খুশী গ্রামবাসিরাও।