THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

তিস্তায় ভেসে আসা যন্ত্রণাংশ বিস্ফোরণ! মৃত্যু হলো এক শিশুর, আহত ৫

October 05, 2023 Reading...
সিকিমে বন্যার স্রোতে তিস্তায় ভেসে আসা মর্টার শেল বাড়িতে নিয়ে গিয়েছিল। তবে জানা ছিল না সেটা কি? আর সেই মর্টার শেল বাড়িতে এনে পরিষ্কার করতেই ঘটলো বিস্ফোরণ, জার জেরে প্রাণ গেল ১ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। এদিন বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চাঁপাডাঙ্গা এলাকায়।

সূত্রের খবর, তিস্তার হড়পায় সেনার মর্টার শেলটি ভেসে এসেছিল। স্থানীয় এক কিশোর নদীতে মাছ ধরতে গিয়ে সেটি উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিল। মর্টার শেলটি পরিষ্কার করে খেলছিল বাড়িরই কয়েকজন। সেই সময় আচমকা তাতে বিস্ফোরণ ঘটে। জার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারায় একজন। সঙ্গে আহত হয়েছেন আরো ৫ জন।

ঘটনায় যে-শিশুর প্রাণ গেছে তার নাম সাইনুর আলম (৭)। এছাড়াও আহত হয়েছেন লতিফা খাতুন, লাকু মোহম্মদ, রুকসানা পারভীন, রমজান আলী এবং গুমের আলী। ইতিমধ্যেই তাদের মধ্যে দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এদিন রাতেই গুরুতর আহতদের দেখতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন রোগী কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার বার্মা, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়াগো। দুজনেই ঘটনার শোক প্রকাশ করেন এবং এলাকাবাসীদের আরো সচেতন থাকার পরামর্শ দেন।

এদিকে সিকিমের রাজ্য রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফে সতর্কতা জারি করে বলা হয়, “তিস্তার পাড়ে ভেসে আসা বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। দয়া করে এই অস্ত্রশস্ত্রগুলি দেখতে পেলে তুলবেন না, এতে বিস্ফোরণ বা গুরুতর আঘাত লাগতে পারে।” প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমের চুংথাম এলাকার এক়টি সেনা ছাউনি ভেসে যাওয়ায় প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকও জলের তোড়ে ভেসে গিয়েছে। সেনার তরফে জনসাধারণকে সতর্ক করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ছবি: হড়পা বানে ভেসে গিয়েছে সেনার গাড়িও। Source: TV9Bangla