THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

গভীর রাতে হাতির হানা! সবকিছু হারিয়ে দিশেহারা দিনমজুর পরিবার

February 03, 2024 Reading...
শুক্রবার গভীর রাতে হাতির হানায়, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি। ঘটনাটি ঘটে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি এলাকায়। জানা যায়, রাত প্রায় আড়াইটা নাগাদ, ললিতা বাড়ি গ্রামের বাসিন্দা সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিলেন।
হঠাৎই ঘর ভাঙার শব্দে ঘুম ভাঙে তাদের। কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। তবে দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে হাতিটি। হাতির তান্ডবে শিকারপুর ননিতা পাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেশকিছু ঘরও ক্ষতিগ্রস্থ করে হাতিটি। এছাড়াও ঘরে থাকা চাল-ডাল সহ খাদ্য সামগ্রী সাবার করে। বেশকিছুক্ষণ এভাবে তান্ডব চালানোর পর হাতিটি বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায়। হাতির তান্ডবে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের আধিকারিকরা। ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তারা।