THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের গাড়িতে হামলার ঘটনায় কি জানালেন তৃণমূলের নেতৃত্বরা?

April 03, 2024 Reading...
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনা ঘিরে বুধবার দুপুরে উত্তেজনা সৃষ্টি হয় মালবাজারের বাগরাকোট এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুরে ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন জয়ন্ত রায়। সেই সময়, তৃণমূলের প্রায় ৩০-৪০জন কর্মী সমর্থক তাঁদের উপর চড়াও হয় বলে জয়ন্তবাবুর অভিযোগ। তিনি জানান, কালো পতাকা নিয়ে তারা তাঁকে লক্ষ্য করে গো-ব্যাক স্লােগান দেয়। জয়ন্তবাবু বলেন,"আমাদের পথ আটকানোর চেষ্টা করে ওরা। এরপর আমার গাড়ির উপর চড়াও হয়। গাড়ির গায়ে এলোপাথাড়ি মারতে থাকে। হামলার সময় আগাগোড়াই সেখানে পুলিশ ছিল।

কিন্তু কেউ তাদের বাধা দেয়নি।" আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বেঁধে যায়। তবে বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের উপর হামলায় কোনওভাবে তাদের দল যুক্ত নয় বলে দাবি করেন তৃণমূলের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ জানান, বিরোধীদের উপর হামলা তৃণমূলের সংস্কৃতি নয়। তিনি বলেন, "যেই অঞ্চলে এই ঘটনা সেখানে বাঁধ নিয়ে সমস্যা আছে। যা সাংসদ চাইলেই সমাধান করতে পারতেন। তিনি সেটা করেননি। তাই বিজেপি সাংসদের উপর স্থানীয় মানুষের ক্ষোভ রয়েছে। এটা তারই বহিঃপ্রকাশ হতে পারে। তবে এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনও যোগ নেই।"