THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

কথা ছিল মেয়ের জন্মদিনে বাড়ি ফিরবে! শেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠাই হল কাল!

June 18, 2024 Reading...
কথা ছিল মেয়ের জন্মদিনে বাড়ি ফিরবেন বাবা, ঠিক এমনটাই কথা দিয়েছিলেন মেয়েকে। মেয়েও জেদ ধরেছিল, বাবা না এলে সে কেক কাটবে না। বাবাও মেয়ের আবদার রাখতে নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরছিলেন। সেই কারণেই ট্রেন বদল। কিন্তু মেয়ের জন্মদিনে বাড়িতে এলেন না বাবা। বরং তার বদলে এল বাবার মৃত্যু সংবাদ। কলকাতার জামির লেনের বাসিন্দা বছর ৩১-এর শুভজিৎ মালি। বাড়িতে রয়েছেন স্ত্রী, ১১ বছরের মেয়ে ও দেড় বছরের ছেলে। রয়েছেন মা, বাবা, দাদা, বৌদি।

গতকাল, সোমবার উত্তরবঙ্গের রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় শুভজিতের। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন দাদা সুরজিৎ। জানা গিয়েছে, গতকাল, সোমবারই ছিল শুভজিতের ১১ বছরের মেয়ে সৃষ্টির জন্মদিন। কেক নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। বাইরে কাজে গিয়েছিলেন তিনি। তবে মেয়ের জন্মদিনের কারণে নির্ধারিত ট্রেন ছেড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন। এদিকে সৃষ্টির জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে চলতে থাকে নানান আয়োজন, রান্নাবান্না। কিন্তু শুভজিতের মৃত্যু সংবাদে শোকের বাড়িতে পরিণত হয় ওই বাড়ি।