THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

শিলিগুড়িতে মোবাইল চোর চক্রের পাঁচ মহিলা গ্রেপ্তার, তদন্তে নামলো পুলিশ

February 07, 2025 Reading...
শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে মোবাইল চোর চক্রের পাঁচ মহিলাকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের সঙ্গে ছিল দুই দুধের শিশু ও এক নাবালক। ঘটনায় জানা যায়, তাদের প্রত্যেকের বাড়ি মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায়। ধৃতদের হেফাজত থেকে নামী-দামী কোম্পানির দশটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশের আরো অনুমান, এই মোবাইল ফোনগুলি বিক্রির উদ্দেশ্যে তারা এদিক-ওদিক ঘুরছিল। তাদের কৌশল ছিল অভিনব পরনের অন্তর্বাসের মধ্যে মোবাইল লুকিয়ে চুরি করে নিয়ে যাওয়া।
গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাকড়াও করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০টি মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ সম্পূর্ণ ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, শহরে এই চক্রের আরও সদস্য রয়েছে কিনা তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ। এছাড়াও, তাদের কাছে এতোগুলি দামি মোবাইল কীভাবে এলো এবং এগুলি নকল না আসল, তা নিয়েও তদন্ত চলছে। এই ঘটনায় শহরে চুরি ও মোবাইল পাচার চক্রের বিরুদ্ধে সতর্কতা আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে পুলিশ।