THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

প্রেমিকার বাড়ির সামনে 'ফ্ল্যাশব্যাক মুহূর্তের ছবি দিয়ে ব্যানার বানিয়ে' ধর্না‌ প্রেমিকের!

February 07, 2025 Reading...
বিয়ের দাবিতে এ বার প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায়। ধর্নায় বসা সেই যুবকের নাম অসীম বিশ্বাস। ওই যুবকের বক্তব্য অনুযায়ী, ‘দীর্ঘ চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে আমার সম্পর্ক। এখন পারিবারিক চাপে সে কিছু বলতে পারছে না। আমাকে বিয়ে করতে চাইছে না। তাই আমি ধর্নায় বসেছি।’ ওই তরুণীর মায়ের বক্তব্য, ‘আমার মেয়ের সঙ্গে ওই ছেলেটির সম্পর্ক ছিল। সে কথা আমরাও জানতাম। কিন্তু ওই যুবক ভালো নয়। সেটা মেয়েই আমাদের বলেছে। মেয়ে চাইছে না ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে। তাই জোর করে কোনও কিছু করা যাবে না।’

তরুণীর বাড়ির সামনে প্ল্যাকার্ড এবং ছবি হাতে ধর্নায় বসেন অসীম। প্ল্যাকার্ডে তাঁর এবং তরুণীর ছবি ও হোয়াটসঅ্যাপের কথোপকথন ছাপা ছিল। সেই ছবি দেখিয়ে যুবক নিজের প্রেমের প্রমাণ দিচ্ছিলেন। যুবকের দাবি, ওই তরুণীর জন্য তিনি দিনকয়েক আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যারও চেষ্টা করেন। বেশ কিছুদিন নার্সিংহোমেও চিকিৎসাধীনও ছিলেন। তাঁর দাবি, সুস্থ হওয়ার পরেই তরুণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু তরুণী যে আর যুবকের সঙ্গে সম্পর্ক রাখতে চান না সে কথা যুবককে জানানো হয়।

তারপরেই গতকাল বৃহস্পতিবার সকালে তরুণীর বাড়ির সামনে এসে ধর্নায় বসে পড়েন ওই যুবক। আর সেই বিষয়টি জানাজানি হতে এলাকায় ভিড় জমে যায় এলাকায়। আশপাশের লোকজন এলাকায় চলে এসে যুবককে জোর করে তোলার চেষ্টা করেন। সেই খবর পেয়ে সংবাদমাধ্যমও সেখানে পৌঁছে যায়। ওয়ার্ড কমিটির লোকজন ঘটনাস্থলে যান। তাঁরা গিয়ে যুবককে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ধর্না থেকে উঠতে রাজি হননি।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কর্তব্যরত এক পুলিশকর্মী যুবককে জানান, ওই তরুণী রাজি থাকলে তাঁরা বিয়ে করতে গেলে অন্য কেউ বাধা দিলে পুলিশ সহযোগিতা করবে। এর বাইরে যুবকের কোনও বক্তব্য থাকলে লিখিত আকারে থানায় দিতে বলা হয়। এই আশ্বাস পাওয়ার পরেই যুবক ধর্না তুলে নেন।