THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত্যু হিন্দু যুবকের, উত্তপ্ত রাজবাড়ী জেলা

December 25, 2025 Reading...
বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত্যু হিন্দু যুবকের! ছবি: সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা যেন কিছুতেই থামছে না। ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ী জেলায় আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারার খবর জানা গিয়েছে। মৃত যুবকের নাম অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯)। জানা যায়, বুধবার গভীর রাতে হোসেনডাঙ্গা ওল্ড মার্কেট এলাকায় উত্তেজিত জনতা তাঁর ওপর চড়াও হয়।

ঘটনার বিবরণ!

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার রাত ১১টা নাগাদ অমৃত মণ্ডলের ওপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করার কিছুক্ষণ পরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি শেখ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিন পুলিশ জানায়, মৃত অমৃত মণ্ডল হোসেনডাঙ্গা গ্রামের অক্ষয় মণ্ডলের ছেলে এবং তিনি স্থানীয় স্তরে 'সম্রাট বাহিনী' নামক একটি দলের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

নেপথ্যে কারণ ও পুলিশের ভূমিকা!

অভিযোগ উঠেছে, মৃত যুবকের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজির নালিশ ছিল। সেই অভিযোগকে কেন্দ্র করেই পরিস্থিতির অবনতি হয় এবং উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। তবে এই নৃশংস হামলার প্রকৃত কারণ ও সম্পূর্ণ ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে পুলিশের তরফে জোরদার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় নতুন করে অশান্তি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

ক্রমাগত সংখ্যালঘু নিগ্রহে উদ্বেগ!

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজবাড়ীর এই ঘটনা আবারও বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকায় ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।