THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

অসমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত ৮ হাতির, লাইনচ্যুত ইঞ্জিন ও ৫ কামরা

December 20, 2025 Reading...
ছবি: সংগৃহীত
ফের বড়সড় রেল দুর্ঘটনা অসমে। জানা গিয়েছে, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় অন্তত আটটি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন-সহ মোট পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। তবে স্বস্তির খবর এই যে, যাত্রীদের প্রাণহানির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সাত সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার সকালে গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে। এদিন সৈরাং-দিল্লি রাজধানী এক্সপ্রেস নিজের গন্তব্যের দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল। আচমকাই রেললাইনে উঠে আসে একপাল হাতি। ট্রেনের গতি বেশি থাকায় ব্রেক কষেও শেষরক্ষা হয়নি। ট্রেনটি সজোরে ধাক্কা মারে হাতির পালকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮টি হাতির।

সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ট্রেনের ইঞ্জিন এবং পেছনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পাঠানো হয়েছে রিলিফ ট্রেন। রেলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেললাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত হাতিগুলির দেহাংশ। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে আপার অসম ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। লাইন পরিষ্কার করে কখন পরিষেবা স্বাভাবিক হবে, সেদিকেই এখন নজর রেল কর্তৃপক্ষের।