THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

খুন মামলায় বিড়ম্বনায় রাজগঞ্জের বিডিও, গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রশান্ত বর্মন

December 25, 2025 Reading...
রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন
নিজস্ব প্রতিনিধি, খবর বঙ্গ: সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় এবার নয়া মোড়। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর, সটান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সূত্রের খবর, উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ২ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

হাইকোর্টের কড়া অবস্থান!

জানা যায়, গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। এর আগে বারাসত আদালত তাঁকে জামিন দিলেও, সেই রায়কে নস্যাৎ করে দেয় হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ ছিল, খুনের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কেস ডায়েরি ও তথ্যপ্রমাণ সঠিক ভাবে খতিয়ে না দেখেই নিম্ন আদালত জামিন দিয়েছিল। এর পরেই বিডিও-কে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষাপট ও বিস্ফোরক অভিযোগ!

পুরো ঘটনার সূত্রপাত গত ২৮ অক্টোবর। সল্টলেকের দত্তাবাদ এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা নিখোঁজ হন। এর ঠিক পরের দিনই নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, নীল বাতি লাগানো গাড়ি নিয়ে এসে ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিলেন বিডিও। চোরাই সোনা কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরেই তাঁকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।

বর্তমান পরিস্থিতি ও আইনি লড়াই!

হাইকোর্টের নির্দেশের পর থেকেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন আর অফিসে আসছেন না বলে জানা গিয়েছে। পুলিশের গ্রেপ্তারী এড়াতে তিনি বর্তমানে আত্মগোপন করে আছেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে আইনি লড়াই চালিয়ে যেতে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর, দেশের শীর্ষ আদালতে বিডিও-র পক্ষে সওয়াল করতে পারেন প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগী।