THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

দুর্ঘটনা রুখতে শিলিগুড়িতে কড়া ট্রাফিক নিয়ম, আজ থেকেই কার্যকর নয়া বিধি

January 25, 2026 Reading...
শিলিগুড়ি শহরে পথ দুর্ঘটনা রুখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আজ থেকেই কার্যকর করা হচ্ছে তিনটি নতুন ট্রাফিক নিয়ম। মূলত ডাম্পার ও অন্যান্য ভারী পণ্যবাহী যানবাহন চলাচলের সময়সীমায় বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এদিন থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রুটে ডাম্পার চলাচলের ওপর নতুন বিধিনিষেধ ও রুট ডাইভারশন কার্যকর করা হচ্ছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকরের নির্দেশে এই নয়া নিয়মগুলি লাগু করা হয়েছে। এই বিষয়ে ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, বিশেষ করে ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় পণ্যবাহী যানবাহনের জন্য নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৯ ঘণ্টা ইস্টার্ন বাইপাস দিয়ে ছোট ও বড় পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। নির্দিষ্ট সময় অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই রাস্তা দিয়ে ওই যানবাহনগুলি যাতায়াত করতে পারবে।

এদিন জানানো হয়েছে, শিলিগুড়ি শহরের মূল কেন্দ্রগুলিতে দিনে ও সন্ধ্যায় ডাম্পার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশ সূত্রে যে তালিকা পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী নিম্নলিখিত রুটগুলিতে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না:

ভক্তিনগর চেকপোস্ট থেকে পানিট্যাঙ্কি মোড়, এয়ারভিউ মোড় এবং ভেনাস মোড়।

ঘোঘোমালি মোড় থেকে কোর্ট মোড়।

ঝঙ্কর মোড় থেকে মাটিগাড়া হাসপাতাল রোড।

চম্পাসারি মোড় থেকে গুলমা রেলওয়ে স্টেশন রোড।

তবে, যে সমস্ত ছোট ও বড় পণ্যবাহী গাড়ি বাইরে থেকে আসছে বা পাহাড়ে যাবে, তাদের জন্য মাটিগাড়ার খাপরাইল ও চেকপোস্টের রুটটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট মুক্ত শহর গড়তে এই নতুন ট্রাফিক নিয়ম যথাযথভাবে মেনে চলার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন ট্রাফিক ডিসিপি।