THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

বনগাঁয় অপদস্থ মিমি চক্রবর্তী! মাঝপথেই ছাড়লেন স্টেজ শো

January 27, 2026 Reading...
বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁয় মাচা অনুষ্ঠান করতে গিয়ে চরম হেনস্থার (Harassment) শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিযোগ, মঞ্চে দেরিতে পৌঁছানোর কারণ দেখিয়ে তাঁকে অত্যন্ত অপমানজনকভাবে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় জনৈক জ্যোতিষী তনয় শাস্ত্রীর (Tanay Shastri) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বনগাঁ থানায় (Bongaon Police Station) অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

সূত্রের খবর, গত রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী। জানা গিয়েছে, সেখানে পৌঁছাতে অভিনেত্রীর প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। তবে তিনি মঞ্চে ওঠার পর যথারীতি দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনুরাগীরা যখন তাঁর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, ঠিক তখনই তনয় শাস্ত্রী নামে ওই ব্যক্তি তাঁকে কার্যত জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেন বলে অভিযোগ।

গতকাল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে সরব হন অভিনেত্রী। মিমি লেখেন, "আজ আমরা প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালন করছি, সাম্যের কথা বলছি। কিন্তু আজও মহিলা শিল্পীদের স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নেওয়া খুব সহজ। এত বছরের পরিশ্রমে তৈরি করা আমার ভাবমূর্তি নষ্ট হতে দেব না। শিল্পীদের এই হেনস্থা মেনে নেওয়া মানে তাকে সমর্থন করা।" তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, বিষয়টি এখন আইনি পর্যায়ে (Legal Action) রয়েছে।

অন্যদিকে, অনুষ্ঠানের আয়োজক তথা ক্লাব কর্মকর্তা রাহুল বসু ও শোভন দাস এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, অভিনেত্রী রাত ১১টা ৩০ মিনিটের পর মঞ্চে ওঠেন। এদিন তাঁরা জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে ঠিক রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ করা হয়। এতেই অভিনেত্রী অপমানিত বোধ করে থাকতে পারেন। ক্লাব কর্মকর্তাদের পালটা অভিযোগ, মিমির দেহরক্ষীরা ক্লাবের মহিলা সদস্যদের ধাক্কা মেরেছেন। যদিও অভিনেত্রীর সম্মান রক্ষার্থে তাঁরা কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন।

ভোটার তালিকা সংশোধনে তলব মিমিকে

ঘটনাচক্রে, কিছুদিন আগেই এসআইআর (SIR) শুনানির জন্য ডাক পেয়েছেন মিমি চক্রবর্তী। জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে কসবা বিধানসভা এলাকার ভোটার মিমিকে আগামী ৩১শে জানুয়ারি হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকবেন এবং প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করবেন।

বড়পর্দায় 'ভানুপ্রিয়া ভুতের হোটেল'

উল্লেখ্য, গত ২৩শে জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি 'ভানুপ্রিয়া ভুতের হোটেল' (Bhanupriya Bhuter Hotel)। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই হরর-কমেডি ছবিতে মিমির বিপরীতে রয়েছেন সোহম মজুমদার। ছবি মুক্তির ঠিক পরেই অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া এই অনভিপ্রেত ঘটনায় বেশ চিন্তিত মিমির অনুরাগীরা।