THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

রাজগঞ্জে ‘নিখোঁজ’ বিডিও! প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব সামলাবেন জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডল

January 20, 2026 Reading...
খবর বঙ্গ: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিডিও প্রশান্ত বর্মনের খোঁজ মিলছে না। এই পরিস্থিতিতে ব্লকের প্রশাসনিক কাজকর্ম যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করা হল। জানা গিয়েছে, বিডিওর অনুপস্থিতিতে রাজগঞ্জের জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলের কাঁধেই এখন থেকে ব্লকের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব ন্যস্ত থাকবে। জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তর থেকে গতকাল, সোমবারই এই মর্মে একটি নির্দেশিকা সৌরভবাবুর কাছে পৌঁছেছে বলে খবর।

এদিকে, দায়িত্ব পাওয়ার খবর চাউর হতেই এদিন অর্থাৎ মঙ্গলবার জয়েন্ট বিডিওকে বিশেষ অভ্যর্থনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ফুলের তোড়া দিয়ে তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানানো হয়। এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে বিডিও দপ্তরে না আসায় ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ কাজ কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সেই অচলাবস্থা কাটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার। বিধায়ক জানিয়েছেন, জয়েন্ট বিডিও বাড়তি দায়িত্ব পেয়েছেন, তাই তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর আশা, এর ফলে ব্লকের আটকে থাকা উন্নয়নমূলক কাজগুলি এবার দ্রুত সম্পন্ন হবে।

উল্লেখ্য, নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় নাম জড়িয়েছে বিডিও প্রশান্ত বর্মনের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তবে তিনি এখনও অধরা এবং দপ্তরেও আসছেন না। এমতাবস্থায় প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই জয়েন্ট বিডিও সৌরভকান্তি মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যায়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। সৌরভবাবু নিজেও নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। স্থানীয় মানুষের আশা, এবার থমকে থাকা সরকারি প্রকল্পগুলির কাজে পুনরায় গতি আসবে।