THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

শিলিগুড়িতে তৃণমূলের প্রতিবাদ মিছিল: ভোটার তালিকা সংশোধন ও SIR-এর নামে হয়রানির অভিযোগ

January 25, 2026 Reading...
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়িতে (Siliguri) ফের রাজনৈতিক পারদ চড়ল। অপরিকল্পিত ও অমানবিক SIR-এর জেরে ১২৬ জনের মৃত্যু হয়েছে— এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে এবার পথে নামল শাসক দল। রবিবার শিলিগুড়ি টাউন ব্লক ২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল আয়োজিত হয়।

জানা গিয়েছে, এদিন বিকেলে শিলিগুড়ির হাতিমোড় থেকে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পাকুরতলা মোড়ে গিয়ে শেষ হয়। তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ভোটার তালিকা সংশোধনের (Voter List Revision) নাম করে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানির শিকার বানাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করা হয়েছে। এদিন মিছিল চলাকালীন কেন্দ্র বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Gautam Deb), ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এসজেডিএ (SJDA) চেয়ারম্যান দিলীপ দুগার। এছাড়াও মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক পা মেলান। সূত্রের খবর, আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন আরও জোরদার করতে পারে ঘাসফুল শিবির।