Explosion
উৎসবের রাতেই বিষাদ! সুইৎজ়ারল্যান্ডের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণহানির প্রবল আশঙ্কা।
January 01, 2026
Reading...
![]() |
| Representational Image/ UnSplash |
ঠিক কী ঘটেছিল?
সুইস সংবাদমাধ্যম ও সূত্রের খবর অনুযায়ী, বুধবার স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ ক্র্যানস-মন্টানার ‘লে কনস্টেলেশন’ নামে একটি পানশালায় পর পর বিস্ফোরণ হয়। উৎসবের আমেজ মুহূর্তেই হাহাকারে পরিণত হয় এবং দাউদাউ করে আগুন ধরে যায় গোটা পানশালায়। আতঙ্কে প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি শুরু করে দেন উপস্থিত অভ্যাগতরা।
ভ্যালাইস ক্যান্টন পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে প্রাথমিক অনুমানে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা বেশ অনেক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা। উদ্ধারকাজের সুবিধার্থে একাধিক অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। বর্তমানে অত্যন্ত দ্রুততার সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ চলছে।
তদন্ত ও উদ্ধারকাজ
সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন মারফত জানা গিয়েছে, ভ্যালাইস ক্যান্টন পুলিশের মুখপাত্র গেটান ল্যাথিয়ন জানিয়েছেন যে, বেশ কিছু মানুষ আহত হয়েছেন এবং মৃত্যুর আশঙ্কাও প্রবল। তবে এই ভয়াবহ বিস্ফোরণ ঠিক কী কারণে ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে: বিস্ফোরণটি প্রথমে পানশালার বেসমেন্টে হয় এবং সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
লে কনস্টেলেশন’ নামক ওই পানশালাটিতে প্রায় ৪০০ জন মানুষের বসার ব্যবস্থা থাকে।সাধারণত রাত ২টো পর্যন্ত এটি খোলা থাকে, তাই বর্ষবরণের রাতে সেখানে ভিড়ও ছিল উপচে পড়া।
এর পেছনে কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা সম্ভব হয়নি।
