Abhishek Bannerjee
লোকসভায় গর্জে উঠলেন অভিষেক, বাংলায় কথা বললে ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগে কেন্দ্রকে আক্রমণ
February 10, 2026
Reading...
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বাজেট বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংসদে দাঁড়িয়ে দেশের সামাজিক বিভাজন ও কেন্দ্রীয় করনীতি নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি। সাংসদ অভিষেকের কথায়, “আমি এমন এক ভারতবর্ষ থেকে আসি, যেখানে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর কথা বলা হয়। আবার আমি এমন এক ভারতবর্ষ থেকেও আসি, যেখানে মাতৃভাষা বাংলায় কথা বললেই সন্দেহের চোখে দেখা হয় ও বাংলাদেশি তকমা জুড়ে দেওয়া হয়।” বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষের প্রসঙ্গে তিনি আরও বলেন যে, মাছ খেলে ‘মুঘল’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট ও কর ব্যবস্থা নিয়েও সরব হন অভিষেক। অর্থমন্ত্রীর ‘সরল কর ব্যবস্থা’র দাবিকে নাকচ করে দিয়ে তিনি জানান, এই কর ব্যবস্থা আসলে সাধারণ মানুষের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। অভিষেকের কথায় জানা যায়, বর্তমানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপে করের বোঝা বইতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, সদ্যজাত শিশুর দুধ ও ডায়াপার থেকে শুরু করে স্কুলের খাতা-কলম, এমনকি অসুস্থতার ওষুধ বা বৃদ্ধ বয়সের পেনশনেও করের বোঝা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, “মৃত্যুর পর শেষকৃত্যে ধূপকাঠি জ্বালাতেও করের ফাঁস থেকে মুক্তি নেই।”
বক্তৃতার শেষ ভাগে তিনি দাবি করেন, এই বাজেট কেবল ধনী কর্পোরেটদের স্বার্থরক্ষা করছে, কিন্তু সাধারণ সৎ করদাতারা এর ফলে একটি চক্রব্যূহে আটকে পড়ছেন। সূত্রের খবর, একদিকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি বৈষম্য এবং অন্যদিকে কেন্দ্রীয় করনীতির চাপে সাধারণ মানুষের যে দুর্দশা তৈরি হয়েছে, এদিন সেই চিত্রই জোরালোভাবে সংসদে তুলে ধরেছেন তিনি।
