THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

প্রশাসনের দেখা নেই! মালদায় মাথায় ইট বয়ে রাস্তা সংস্কারে নামলেন বিজেপি বিধায়ক

February 03, 2026 Reading...

BJP MLA Chinmay Deb Barman carrying bricks for road repair in Malda Gazole.
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ক্ষমতার লড়াইয়ে শাসক-বিরোধী যুযুধান পক্ষগুলি যখন প্রচারে ব্যস্ত, ঠিক তখনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মালদার (Malda) গাজোল ব্লক। গ্রামবাসীদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা মেটাতে খোদ বিজেপি বিধায়ক (BJP MLA) নিজে হাতে রাস্তা মেরামতের কাজে নামলেন, যা নিয়ে ইতিমদেই এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদার গাজোল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েতের পাতাল সিং গ্রামের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে নিত্যদিন কালঘাম ছুটত স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের দাবিতে বারংবার প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে মানুষের দুর্ভোগ কমাতে নিজের উদ্যোগেই রাস্তা মেরামতে নামলেন এলাকার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন (Chinmay Deb Barman)।

সূত্রের খবর, বিধায়ক চিন্ময় দেব বর্মন কোনো সরকারি তহবিলের অপেক্ষা না করে নিজের ব্যক্তিগত অর্থ খরচ করে ইট, সিমেন্ট ও বালি কিনেছেন। এদিন তাঁকে দেখা যায় সাধারণ লুঙ্গি পরে মাথায় ইটের ঝুড়ি নিয়ে কাজ করতে। তাঁকে সহযোগিতা করতে এগিয়ে আসেন গ্রামের সাধারণ মানুষও। বিধায়ক জানান, "দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছিলেন। আমি একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন—সব জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই সাধারণ মানুষের স্বার্থে আমাকে নিজে হাতে কাজ শুরু করতে হল।"

বিধায়কের এই মানবিক কাজে খুশি এলাকার বাসিন্দারা। ১৫ বছর ধরে অবহেলিত রাস্তা অবশেষে সংস্কার হতে দেখে তাঁরা বিধায়কের প্রশংসা করেছেন। তবে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূলের মালদহ জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাস এই বিষয়ে বলেন, "এভাবে মাথায় ইট তুলে আসলে প্রচারের আলো পেতে চাইছেন উনি। সোশ্যাল মিডিয়ার জন্য পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। কিন্তু এসব করে লাভ হবে না, গাজোলে এবার তৃণমূলের জয় নিশ্চিত।"