THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

SIR জট কাটাতে ভিনরাজ্যের বিচারক আনছে সুপ্রিম কোর্ট?

February 24, 2026 Reading...
SIR Case West Bengal, Supreme Court Order on SIR, Judicial Officers Recruitment West Bengal, West Bengal News, Odisha Jharkhand Judicial Officers.
খবর বঙ্গ: পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) মামলার পাহাড়প্রমাণ চাপ সামলাতে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। রাজ্যে বকেয়া থাকা প্রায় ৬০ লক্ষ অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে ভিনরাজ্য থেকে জুডিশিয়াল অফিসার (Judicial Officers) নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মূলত ওডিশা এবং ঝাড়খণ্ড (Odisha and Jharkhand) থেকে এই অফিসারদের আনার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। হাতে সময় মাত্র চার দিন, অথচ এখনও নিষ্পত্তি হওয়া বাকি লক্ষ লক্ষ অভিযোগ। মঙ্গলবার এই মামলার জরুরি শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানায়, বর্তমানে পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতিদিন গড়ে ২৫০টি করে অভিযোগ নিষ্পত্তি করলেও পুরো কাজ শেষ করতে প্রায় ৮০ দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে বিচার প্রক্রিয়ায় গতি আনতে পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলি থেকে বিচারক এনে কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা সিভিল জজদেরও এই কাজে নিয়োগ করা যাবে বলে জানিয়েছে আদালত।

এদিন আদালতে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, ভিনরাজ্যের বিচারকরা বাংলা ভাষা বুঝতে সমস্যায় পড়তে পারেন, যা বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তবে সেই দাবি খারিজ করে দেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সূত্রের খবর, আদালত জানিয়েছে যে ইতিহাস অনুযায়ী এই রাজ্যগুলি এক সময় একই প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত ছিল, ফলে ভাষা ও উপভাষার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। জুডিশিয়াল অফিসারদের কাজ করতে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে শীর্ষ আদালত।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রিপোর্টের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট নিশ্চিত হয়েছে যে, বর্তমান পরিকাঠামোয় এই বিপুল কাজ শেষ করা অসম্ভব। তাই প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত ভোটার তালিকা প্রকাশের স্বার্থে ‘প্রতিবেশী’ বিচারকদের সাহায্য নেওয়াকেই একমাত্র পথ হিসেবে দেখছে আদালত।