Holi 2026
দোলের দিন মদ পাবেন কোথায়? দোকান কি বন্ধ?
March 02, 2026
Reading...
রঙের উৎসব দোলযাত্রায় মেতে উঠতে প্রস্তুত গোটা পশ্চিমবঙ্গ। এই উৎসবের আমেজে রঙের সঙ্গে সুরার সঙ্গত বাঙালির একাংশের কাছে বেশ পরিচিত। তবে প্রতি বছরের মতো এবারও দোল উৎসবের দিন মদের দোকান খোলার সময় নিয়ে নির্দিষ্ট কিছু নিয়ম জারি করা হয়েছে। রাজ্য আবগারি দপ্তর (State Excise Department) সূত্রে জানা গিয়েছে, ওই দিন সারা দিন নয়, বরং দিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দোলের দিন সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। দুপুর ২টোর পর থেকে নিয়ম মেনেই দোকানগুলি পুনরায় খুলে যাবে এবং সাধারণ মানুষ সুরা সংগ্রহ করতে পারবেন। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, মদের দোকান বন্ধ রাখার এই বিশেষ নিয়ম থ্রি স্টার বা তার উপরের গ্রেডের হোটেলের সঙ্গে যুক্ত থাকা বারের ক্ষেত্রে কার্যকর হবে না। এছাড়া যেসব ক্লাবে মদ বিক্রির বৈধ লাইসেন্স রয়েছে, সেখানেও এই বিধিনিষেধ থাকছে না বলে সূত্রের খবর।
অন্যদিকে, হোলির দিন মদের দোকান বন্ধ থাকা নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যে যে দিন দোলযাত্রা উদযাপিত হবে, শুধুমাত্র সেই দিনই দুপুর ২টো পর্যন্ত এই নিয়ম কার্যকর করা হবে। হোলির দিন মদের দোকান বন্ধ রাখার বিষয়ে আলাদা করে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিশেষ কিছু দিনে মদের দোকান বা সুরা বিপণি সম্পূর্ণ বন্ধ রাখার নিয়ম রয়েছে। এদিন জানানো হয়েছে যে, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস এবং মহরমের দশম দিনে সারা রাজ্যে মদের দোকান বা Liquor Shops সম্পূর্ণ বন্ধ থাকে।
Tags:
Holi 2026
