THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

দিদির টাকায় মোদীর ব্রিগেড! যুবশ্রী প্রকল্পের টাকা নিয়ে রাজগঞ্জ থেকে কলকাতায় বিজেপি কর্মীরা

March 13, 2026 Reading...
PM Modi Brigade Rally, BJP West Bengal, Mamata Banerjee Schemes, Rajganj News, Yuvashree Prakalpa News.
খবর বঙ্গ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাইভোল্টেজ সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর সেই সমাবেশ সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ছে। তবে এরই মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, রাজ্য সরকারের দেওয়া ভাতার টাকা পকেটে নিয়েই মোদীর সভায় যোগ দিতে সওয়ার হয়েছেন বিজেপির একদল যুব কর্মী।

সূত্রের খবর, এদিন জলপাইগুড়ির রাজগঞ্জের বেলাকোবা স্টেশন থেকে একদল বিজেপি যুব কর্মী ট্রেনের মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। ব্রিগেডে যাওয়ার পথে তাঁদের বেশ খোশমেজাজে দেখা যায়। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক যুবক জানান, এদিন সকালেই তাঁর ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের ‘যুবশ্রী’ বা যুবসাথী প্রকল্পের ১,৫০০ টাকা ঢুকেছে।
গতকাল থেকেই ব্রিগেডের প্রস্তুতি তুঙ্গে ছিল, আর এদিন সেই সরকারি টাকা হাতে পেয়েই ব্রিগেড যাওয়ার খরচ সামলাচ্ছেন ওই কর্মীরা। তাঁদের কথায়, "দিদির টাকাতেই মোদীর সভায় যাচ্ছি।" এমনকি এক যুব কর্মীকে স্পষ্ট বলতে শোনা যায়, “দিদি টাকা দিলেও ভোট দেব মোদীকেই।”

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এই বিষয়ে রাজগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন,
"বিজেপি বরাবরই সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত থাকে। তবে এই ঘটনা প্রমাণ করে দিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক ভেদাভেদ করেন না। বিজেপি কর্মীরাও সমানভাবে প্রকল্পের সুবিধা পাচ্ছেন।"
তবে এই ভিডিও মানুষের ওপর কোনও প্রভাব ফেলবে না এবং তৃণমূলই ফের ক্ষমতায় ফিরবে বলে দাবি করেছেন তিনি।