THEME MODE
Light
Dark
TEXT SIZE
100%

তৃণমূলের প্রার্থী তালিকায় ছাঁটাই ৭৪ বিধায়ক!

March 17, 2026 Reading...
TMC Candidate List 2026, West Bengal Assembly Election 2026, Mamata Banerjee, Abhishek Banerjee, TMC Ticket Distribution, Trinamool Congress News.
খবর বঙ্গ: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা (TMC Candidate List 2026)। তবে এবারের তালিকায় সবথেকে বড় চমক হলো ‘পারফরম্যান্স কার্ড’। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার দেওয়া হুঁশিয়ারি যে নিছক কথা ছিল না, তার প্রমাণ মিলল প্রার্থী নির্বাচনে। জানা গিয়েছে, খারাপ পারফরম্যান্সের কারণে এবার বিদায়ী বিধানসভার মোট ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি।

সূত্রের খবর, এবারের প্রার্থী তালিকায় (Performance-based ticket) শুধুমাত্র কাজের খতিয়ানকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যার ফলে বাদ পড়েছেন হেভিওয়েট মন্ত্রীরাও। বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোত্ৎস্না মাণ্ডি, শিবপুরের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেনের নামও এবার বাতিলের তালিকায় রয়েছে।

এদিন জানা গিয়েছে, নিছক গ্ল্যামার বা পরিচিতি নয়, গত ৫ বছরের কাজের রিপোর্ট দেখেই টিকিট চূড়ান্ত করা হয়েছে। উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত বিতর্ক ও কাজের মান নিয়ে দলের মধ্যে অস্বস্তি ছিল, ফলে তিনিও এবার ব্রাত্য। অন্যদিকে, দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা এবং মানিক ভট্টাচার্যকে প্রত্যাশিতভাবেই ছেঁটে ফেলেছে ঘাসফুল শিবির।
তবে ব্যতিক্রমী ছবি দেখা গিয়েছে হাবড়া কেন্দ্রে। জেলবন্দি থাকলেও জ্যোতিপ্রিয় মল্লিকের সাংগঠনিক দক্ষতার ওপর ভরসা রেখে তাঁকেই প্রার্থী করা হয়েছে।

বেলেঘাটা কেন্দ্রে এবার বড় চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্ধক্য ও অসুস্থতার কারণে পরেশ পাল অব্যাহতি চাওয়ায় সেখানে প্রার্থী করা হয়েছে দলের অন্যতম মুখ কুণাল ঘোষকে। এছাড়া বীরবাহা হাঁসদা (বিনপুর), সোহম চক্রবর্তী (করিমপুর), নির্মল মাজি (গোঘাট) এবং বিদেশ বসুকে (সপ্তগ্রাম) এবার নতুন আসনে লড়াই করতে পাঠানো হয়েছে। অন্তত ১৫ জন বিধায়কের আসন পরিবর্তন করে তাঁদের নতুন অগ্নিপরীক্ষার মুখে ঠেলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

মালদহ জেলায় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ও সাবিত্রী মিত্রের দীর্ঘদিনের অন্তর্কন্দল মেটাতে দু'জনকেই এবার টিকিট দেওয়া হয়নি। বাদ পড়েছেন স্বর্ণকমল সাহা ও বিবেক গুপ্তার মতো পুরনো বিধায়করাও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে জানিয়েছেন, "যাঁরা প্রার্থী হতে পারলেন না, তাঁদের অভিজ্ঞতাকে দলের অন্য কাজে ব্যবহার করা হবে।"